বাংলাদেশ প্রতিদিন কক্সবাজারের কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে তিনি কক্সবাজার শহরের শহীদ সরণি রোডের পুলিশ সুপার মোড়ে হামলার শিকার হন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। এ ঘটনায় সাংবাদিক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযুক্তদের শাস্তি জানিয়েছেন।
সাংবাদিক মিজানুর রহমান বলেন, অভিযুক্ত আবদুল্লাহসহ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমার টাকা-পয়সা ছিনিয়ে নেয়। কিছুদিন আগে অভিযুক্ত আবদুল্লাহ একটি নিউজের বিষয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভাপতি মোর্শেদুর রহমান খোকন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন শাকিল, সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, সহসম্পাদক এম শাহ আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি, সাংগঠনিক সম্পাদক এস্তে ফারুক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শেখ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রহিদুল কবির প্রমুখ। পাশপাশি তাঁরা অভিযুক্তদের শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।