বলাৎকার, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। `বলৎকার, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক এ সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
শনিবার (১৩ জুন) বিকেলে ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার রঙিন সুতা যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি হারুন-অর-রশীদ।
তিনি বলেন, বলৎকার, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এ অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে। শিশুদের নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মানবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় এবং পারিবারিক নজরদারির অভাব অনেক ক্ষেত্রে অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমানো সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের দপ্তর সম্পাদক তিহানুর রহমান তিহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, মেহরাব হোসেন ইমন, সানজিদা ইসলাম, তামান্না আফরোজা, সাহেলা আক্তার, আয়শা সিদ্দিকা, লতিফুল খাবীর, সামিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভা শেষে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
বিডি-প্রতিদিন/এমএল