‘শুভ কাজে সবার পাশে' এই স্লোগানকে ধারণ করে মাদারীপুরের কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক হতদরিদ্র বিধবার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। রবিবার (১৪ জুন) বিকালে উপজেলার পশ্চিম চর গ্রামে বিধবা রেখা বেগমের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন শুকনো খাবার। খাদ্য সহায়তা পেয়ে রেখা বেগম বলেন, “বসুন্ধরা শুভসংঘ থেকে এক মাসের খাবার পেয়ে আমি অনেক খুশি। আমার এই কঠিন সময়ে তারা পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরার জন্য দোয়া করি।”
স্থানীয়রা জানান, রেখা বেগমের স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে। সংসারে উপার্জন করার মতো আর কেউ নেই। স্বামী জীবিত থাকা অবস্থায়ও অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে পরিবারটিকে। পরে বাধ্য হয়ে রেখা বেগম বাসাবাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চালাতেন।
কিন্তু বর্তমানে কাজের অভাব এবং এক বছরের একটি সন্তান থাকায় নিয়মিত কাজ পাচ্ছেন না তিনি। ফলে পরিবারে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের দেওয়া খাদ্য সহায়তা তার পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি সজীব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানহা ইসলামের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাগিন, নারী বিষয়ক সম্পাদক জেনি আফসানা, তারিকুল ইসলাম সুজন, মনির হোসেন পরাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরকে