বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মান্নান শিকদার।
বসুন্ধরা শুভসংঘ শরণখোলা উপজেলা শাখার সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা শুভসংঘের সহসভাপতি ও বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. শাহীন উজ্জামান শাহীন, কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক মো. জাহাঙ্গীর কবির এবং কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক বিশ্বজীৎ দাস।
বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
তারা শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন বক্তারা।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
বিডি-প্রতিদিন/টিএ