‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা ও পোস্টার প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পৌর শহরের চালামাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় ডা. শ্যামল কুমার, প্রধান শিক্ষক অদৈত সরকার, সহকারী শিক্ষক জাহিদ হাসান, সুভাস ভৌমিক, সাংবাদিক মৃণাল সরকার মিলু ও দৈনিক কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সনাতন দাশ উপস্থিত ছিলেন।
আলোচনাসভার প্রধান আলোচক ডা. শ্যামল কুমার বলেন, বর্তমানে সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকার-এ হামের প্রাদুর্ভাব দূর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব হলে পরিবার সবাইকে সচেতন হতে হবে। আক্রান্ত শিশু কে আলাদাভাবে পরিচর্যা করতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবার সচেতন প্রচেষ্টাই হাম প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে তিনি শিশুদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
প্রধান শিক্ষক অদৈত সরকার বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ সচেতনতা মূলক অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেছে। আগামীতে এমন প্রোগ্রাম অব্যাহত রাখবেন, এ প্রত্যাশা করছি।
বিডি-প্রতিদিন/টিএ