ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে।
সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, ডায়না চত্বর, জিয়া মোড়, প্রধান ফটক, টিএসসি এবং আবাসিক হল এলাকায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, সদস্য আরিফ বিল্লাহ, মাওয়াজুর রহমান, রুনা লায়লা, মারজিয়া আক্তার ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন শেষে সংগঠনটির সদস্য আরিফ বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি করা হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গুর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রদান এবং ক্যাম্পাস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছি।
সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এটি আমাদের পরিচ্ছন্নতার অভাব ও অসচেতনতার জন্য ছড়ায়। এতে প্রতিবছর অনেক মানুষ আক্রান্ত হন। এজন্য আমরা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে সচেতন হতে পারবে।
বিডি-প্রতিদিন/টিএ