কম্পিউটেক্স ২০২৬-এ আসুস আরওজি-র ২০ বছর পূর্তি, এলো ‘এডিশন ২০’ মেগা লাইনআপ
বিশ্বখ্যাত প্রিমিয়াম গেমিং ব্র্যান্ড আসুস রিপাবলিক অফ গেমার্স (ROG) সফলতার সাথে তাদের দীর্ঘ ২০ বছরের গৌরবময় যাত্রা পূর্ণ করেছে। তাইওয়ানের তাইপেতে চলমান বিশ্বের অন্যতম শীর্ষ আইটি প্রদর্শনী ‘কম্পিউটেক্স ২০২৬’-এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক মাইলফলক উদ্যাপন করেছে আসুস। ২০০৬ সাল থেকে বিশ্বজুড়ে গেমারদের জন্য সেরা মানের পিসি, হাই-এন্ড হার্ডওয়্যার এবং বৈপ্লবিক সব নতুন প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে ‘আরওজি’ অনন্য নজির স্থাপন করেছে।
২০ বছর পূর্তির এই বিশেষ ও স্মরণীয় আবেগকে ধরে রাখতে কম্পিউটেক্স-এ আরওজি উন্মোচন করেছে সম্পূর্ণ সীমিত সংস্করণের (লিমিটেড এডিশন) প্রিমিয়াম পণ্য লাইনআপ “আরওজি এডিশন ২০”। এই এক্সক্লুসিভ সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হলো ব্র্যান্ডটির প্রিমিয়াম হ্যান্ডহেল্ড গেমিং কনসোল “আরওজি এক্সবক্স অ্যালাই এক্স ২০” (ROG Xbox Ally X 20), যার সাথে গেমারদের জন্য থাকছে একটি বিশেষ এআর (AR) গেমিং গ্লাস বান্ডেল। এর পাশাপাশি মেলায় এসেছে শক্তিশালী গেমিং ল্যাপটপ ‘আরওজি স্ট্রিক্স স্কার ১৮’। গেমারদের নিখুঁত অভিজ্ঞতা দিতে এই ল্যাপটপে ডিজাইন করা হয়েছে বিশ্বের প্রথম ১৮-ইঞ্চির ৪কে (4K) রেজোল্যুশনের ২৪০ হার্জ মিনি এলইডি ডিসপ্লে এবং গ্রাফিক্সের দুনিয়ার দানবীয় চিপসেট এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ (NVIDIA GeForce RTX 5090) ল্যাপটপ জিপিইউ।
পিসি বিল্ডার এবং এক্সট্রিম গেমারদের চমকে দিতে এবারের এডিশনে উন্মোচিত হয়েছে ‘আরওজি ক্রসহেয়ার এক্স৮৭০ই এডিশন ২০’ মাদারবোর্ড। যারা নিজেদের পিসি থেকে সর্বোচ্চ পারফরম্যান্স নিংড়ে নিতে চান, সেসব গেমার ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন পিসি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে চমৎকার প্রিমিয়াম ডিজাইনে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে নেক্সট-জেনারেশন প্ল্যাটফর্ম সাপোর্ট, অ্যাডভান্সড কানেক্টিভিটি এবং এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপ্টিমাইজেশান টুলস। একই সাথে গ্রাফিক্স কার্ডের বাজারে আলোড়ন তুলতে কম্পিউটেক্স ২০২৬-এ উন্মোচিত হয়েছে ‘আরওজি অ্যাস্ট্রাল জিফোর্স আরটিএক্স ৫০৯০ এডিশন ২০’ গ্রাফিক্স কার্ড। এনভিডিয়ার সর্বশেষ ফ্ল্যাগশিপ জিপিইউ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এই কার্ডটিতে আকর্ষণীয় গোল্ডেন কালার, প্রিমিয়াম ম্যাটেরিয়ালস এবং ইউনিক ডিজাইনের মিশ্রণ ঘটানো হয়েছে, যা গেমারদের দেবে এক অতুলনীয় ও প্রিমিয়াম গেমিং অভিজ্ঞতা।
আজকের দিনের হাই-এন্ড গেমিং পিসিগুলোর অতিরিক্ত পাওয়ার এবং বিদ্যুতের চাহিদা মেটাতে আরওজি নিয়ে এসেছে ‘আরওজি থর ৩০০০ ওয়াট টাইটানিয়াম ৩ এডিশন ২০’ পাওয়ার সাপ্লাই। এটি নতুন প্রজন্মের ভারী হার্ডওয়্যার এবং আল্ট্রা-হাই পারফরম্যান্স পিসি সেটআপের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও অত্যন্ত দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। হার্ডওয়্যারের এই বিশাল মহোৎসবের পাশাপাশি গেমারদের সম্পূর্ণ লাইফস্টাইল অভিজ্ঞতা দিতে আরওজি-র ২০ বছর পূর্তি উদ্যাপনে আরও এসেছে “আরওজি ডেস্ট্রিয়ার এডিশন ২০” গেমিং চেয়ার, ‘আরওজি স্ল্যাশ ব্যাকপ্যাক এডিশন ২০’ এবং একটি প্রিমিয়াম হার্ড-কেস লাগেজ।
/ডিবিটেক/এমসি/ইকে/





