এডিপি প্রকল্প বাস্তবায়নে গতি আনার তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

২০২৫-২৬ অর্থবছরের আরএডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এডিপি প্রকল্প বাস্তবায়নে গতি আনার তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:৩৫  

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন,বুধবার  অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্ব-স্ব প্রকল্পের পরিচালকরা তাদের কাজের বর্তমান বাস্তবায়ন চিত্র ও অগ্রগতি উপস্থাপন করেন। মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং প্রতিটি প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে এই পর্যালোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এমজেডআই/ইকে//