আগামী বাজেটে বড় করছাড় পেতে পারেন তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা

দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য সুখবর। আসন্ন বাজেটে ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ খাতে সম্পূর্ণ করছাড় ও বিশেষ সুবিধার পরিকল্পনা সরকারের।

আগামী বাজেটে বড় করছাড় পেতে পারেন তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা
১০ জুন, ২০২৬ ০৯:৩৪  

দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে আসন্ন জাতীয় বাজেটে বড় ধরনের করছাড়ের পরিকল্পনা করেছে সরকার। কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের স্বস্তি দিতে বিভিন্ন খাতে করের হার হ্রাস, ভ্যাট কমানো এবং ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ কর অব্যাহতির ঘোষণা আসতে পারে। এর মধ্যে প্রযুক্তি-নির্ভর খাত ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপগুলো বড় ধরনের করছাড়ের সুবিধা পেতে যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ফ্রিল্যান্সিং থেকে অর্জিত সব ধরনের আয়কে সম্পূর্ণ কর অব্যাহতি বা করমুক্ত সুবিধা দেওয়া হতে পারে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ‘কনটেন্ট ক্রিয়েশন’ (ভিডিও ও তথ্য উপাদান তৈরি) থেকে আসা আয়কেও করমুক্ত ঘোষণার প্রস্তাব করা হতে পারে।

নতুন ও উদ্ভাবনী উদ্যোগকে টিকিয়ে রাখতে স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার কর শূন্য শতাংশ (০%) করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সাধারণ এসএমই উদ্যোক্তাদের সুবিধার্থে এবং ক্ষুদ্র ও মাঝারি খাতের সুরক্ষায় ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হতে পারে। বিশেষ করে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ওপর অর্জিত আয়কে সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব আসতে পারে আগামী বাজেটে।

অন্যদিকে, ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলে উৎসাহিত করতে বিশেষ করছাড়ের ব্যবস্থা রাখা হচ্ছে। নির্ধারিত সময় অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য ৫ শতাংশ হারে করছাড়ের সুযোগ থাকছে। তবে ব্যক্তিশ্রেণির করদাতারা চাইলে এই নির্ধারিত সময়ের পর সারা বছরই রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

//ডিবিটেক/ ডিপিও/ইকে//