ফেসবুকে হঠাৎ বিভ্রাট, লগইন ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তি

ফেসবুক ও মেসেঞ্জারে বৈশ্বিক বিভ্রাটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা লগইন, নিউজফিড ও বার্তা আদান–প্রদানে সমস্যায় পড়েছেন। তবে কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মেটা। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশেও লগইন, ফিড লোড ও মেসেজ পাঠাতে সমস্যা দেখা যায়। কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে হঠাৎ বিভ্রাট, লগইন ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তি
১২ জুন, ২০২৬ ১৯:৫০  

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে সেবা বিভ্রাট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের পাশাপাশি বাংলাদেশেও ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ব্যবহারকারীরা ডেস্কটপ ও স্মার্টফোন—উভয় মাধ্যমেই ফেসবুকে প্রবেশ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। অনেকের স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা দেখা যায়। কেউ কেউ লগইন করতে ব্যর্থ হন, আবার অনেকের ক্ষেত্রে নিউজফিড, পোস্ট বা মেসেঞ্জারের চ্যাট স্বাভাবিকভাবে লোড হয়নি।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুক–সংক্রান্ত ৫ হাজার ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, প্ল্যাটফর্মটিতে অস্বাভাবিক সেবা–জটিলতা শনাক্ত হয়েছে। ব্যবহারকারীদের অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি ছিল নিউজফিড লোড না হওয়া, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব এবং অ্যাপে প্রবেশে ব্যর্থতা।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ একাধিক দেশ থেকে তুলনামূলক বেশি অভিযোগ এসেছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকের বিভিন্ন পেজে প্রবেশ করতে গেলে ‘This page isn’t available right now’ বার্তা দেখানো হয়েছে। আবার অনেকেই ‘Query Error’–এর মতো কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছেন। 

বাংলাদেশেও বিভ্রাটের বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। বিভিন্ন গ্রুপ, বিকল্প প্ল্যাটফর্ম ও কমিউনিটিতে ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকে জানান, অ্যাকাউন্ট লগইন করা গেলেও ফিড রিফ্রেশ হচ্ছিল না বা মেসেজ ডেলিভারিতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছিল।

তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এটি সার্ভারজনিত সমস্যা, নেটওয়ার্ক কনফিগারেশন ত্রুটি নাকি নির্দিষ্ট অঞ্চলে সীমিত কোনো কারিগরি বিঘ্ন—সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান–প্রদান, ব্যবসা, কনটেন্ট প্রকাশ ও সামাজিক সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই বিভ্রাটও ব্যবহারকারীদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ তৈরি করেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতিতে ব্যবহারকারীদের বারবার পাসওয়ার্ড পরিবর্তন বা সন্দেহজনক পুনরুদ্ধার লিংকে প্রবেশ না করে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

//ডিবিটেক/আরএম/ ইকে//