মাই রবি অ্যাপে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মোবাইল অপারেটর রবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি (লাইভ) দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে।
৪ জুন, বৃহস্পতিবার রবির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের ফলে দেশের ফুটবলপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে তাদের পছন্দের দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত মাই রবি অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের জন্য আধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে লাইভ ম্যাচ সম্প্রচারের এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ।
তবে গ্রাহকরা কীভাবে মাই রবি অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো দেখতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে রবি।
আগামী ১১ জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল।
/ডিবিটেক/জেডি/ইকে/





