ডিজিটাল প্ল্যাটফর্মে ১.৫৯ কোটি ভাতাভোগীর কাছে ২,৪০০ কোটি টাকা পৌঁছে দিল নগদ
চলতি বছরের ১ মে থেকে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ উপকারভোগীর কাছে ২ হাজার ৪০০ কোটি টাকার বেশি বিতরণ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে ভাতা পৌঁছে দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
সরকারি ভাতা, উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ দ্রুত, স্বচ্ছ ও নিরাপদভাবে সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার দিন দিন বাড়ছে। এই ধারাবাহিকতায় চলতি বছরের ১ মে থেকে বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
নগদের তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ভাতাভোগী সরকারি সহায়তা পেয়েছেন সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এই কর্মসূচির মাধ্যমে ৭৮ লাখ ৫১ হাজারের বেশি উপকারভোগীর কাছে দেড় হাজার কোটিরও বেশি টাকা বিতরণ করা হয়েছে।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির (পিইএসপি) আওতায় প্রায় ৬৯ লাখ শিক্ষার্থীর কাছে ৫৭৯ কোটির বেশি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রায় ১২ লাখ ভাতাভোগীর কাছে পৌঁছেছে প্রায় ৯৭ কোটি ৫০ লাখ টাকার সরকারি সহায়তা।
নগদের মাধ্যমে ডিডিএমের অধীন ইজিপিপি প্লাস/বিসিআরএসআর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) অর্থও বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচির আওতায় ২০ হাজারের বেশি উপকারভোগীর কাছে ১৩ কোটির টাকারও বেশি সরকারি ভাতা পৌঁছে দেওয়া হয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণে শীর্ষ অবস্থানে ছিল নগদ। এ সময়ে ১ কোটি ৩১ লাখের বেশি উপকারভোগী নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার সরকারি সহায়তা পেয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি।
নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, সরকারি ভাতা, উপবৃত্তি এবং বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে নগদ ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্যতা এবং দেশের বিস্তৃত ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের কারণে সরকারি অর্থ দ্রুত ও নিরাপদে সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
তিনি বলেন, বিপুল সংখ্যক উপকারভোগী নগদকে তাদের পছন্দের মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে কাজ করে যাবে।
নগদ জানায়, সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে শুরু থেকেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজে ক্যাশ আউট সুবিধা এবং অনেক ক্ষেত্রে বিনা খরচে অর্থ উত্তোলনের সুযোগ থাকায় সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণে নগদ এখন সুবিধাভোগীদের অন্যতম পছন্দের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
//ডিবিটেক/এলএলএস/এমইউআইএম//





