অনলাইন মার্কেটপ্লেসে রপ্তানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশি পণ্য সরাসরি রপ্তানির সুযোগ দিয়ে বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত সিএফআর শর্তে রপ্তানি করা যাবে। তবে শর্তের কারণে ব্যবসায়ীদের একাংশের মাঝে সমালোচনা তৈরি হয়েছে।

অনলাইন মার্কেটপ্লেসে রপ্তানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
১৫ জুন, ২০২৬ ২১:২২  

বৈশ্বিক ভোক্তাদের কাছে সরাসরি পণ্য রপ্তানির সুযোগ দিতে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ১৫ জুন, সোমবার জারি করা এক সার্কুলারে জানানো হয়, এখন থেকে বাংলাদেশের রপ্তানিকারকরা অ্যামাজন, আলিবাবা ও শপিফাইয়ের মতো আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন। এর ফলে দেশের ব্যবসা-থেকে-ভোক্তা (বি-টু-সি) মডেলের ই-কমার্স খাতের পণ্য রপ্তানি সহজতর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, রপ্তানিকারকরা প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার ইউএস ডলার পর্যন্ত ক্ষুদ্র মূল্যমানের পণ্য সিএফআর (CFR) শর্তে রপ্তানি করতে পারবেন। এছাড়া ১ হাজার ইউএস ডলার পর্যন্ত চালানের ক্ষেত্রে ‘ইএক্সপি (EXP) ফর্ম’ দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে; তবে এই অর্থ ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অগ্রিম গ্রহণ করতে হবে। সার্কুলারে শিপিং ডকুমেন্ট বিদেশি ক্রেতার নামে ইস্যু করা, পণ্য ফেরত বা মূল্য ছাড়ের কারণে অর্থ ফেরত দেওয়া এবং অনলাইন মার্কেটপ্লেসের সাবস্ক্রিপশন ও সেবামূলক ফি বাংলাদেশ থেকে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই উদ্যোগের ফলে আন্তঃসীমান্ত ই-কমার্স জোরদার হবে এবং সরাসরি বৈশ্বিক ভোক্তাদের কাছে পণ্য পাঠানো যাবে।

তবে এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন কোনো কোনো ই-কমার্স ব্যবসায়ী। তাদের মতে, ৫ হাজার ডলারের সীমা ও নানাবিধ শর্ত আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করবে। চীন যেখানে ট্রিলিয়ন ডলারের ই-কমার্স এক্সপোর্ট করছে, সেখানে বাংলাদেশ সামান্যতম শিক্ষাও নিচ্ছে না উল্লেখ করে তারা বলেন, টাকা পাচারের ভয় অবান্তর, কারণ পাচারকারীরা চাইলে ক্রিপ্টোকারেন্সিতেই মিলিয়ন ডলার পাঠাতে পারে।

//ডিবিটেক/বিবি/ইকে//