মূল্যের চেয়ে মানে বেশি গুরুত্ব দিতে বললেন বিটিআরসি চেয়ারম্যান
গ্রামীণফোনের ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম (তরঙ্গ) উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেছেন, দেশের গ্রাহকেরা সেবার মানের চেয়ে মূল্যের ওপর বেশি সংবেদনশীল হলেও এর দায় অপারেটরদের। গ্রাহকদের উন্নত সেবা না দিলে ভালো মানের প্রত্যাশা তৈরি হবে না। তিনি জানান, ৭০০ মেগাহার্জ তরঙ্গ গ্রামীণ অঞ্চলের কভারেজ ও ভবনের ভেতরের নেটওয়ার্ক উন্নত করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
দেশের মোবাইল ফোন গ্রাহকদের একটি বড় অংশ এখনও সেবার মানের চেয়ে কলরেট বা ইন্টারনেটের মূল্যকে বেশি গুরুত্ব দেয়। তবে এর একক দায় গ্রাহকদের নয়, কারণ তাদের উন্নত সেবার অভিজ্ঞতা দিতে না পারলে উচ্চমানের প্রত্যাশাও তৈরি হবে না। তাই শুধু কভারেজ বা সংযোগ বাড়ানো নয়, বরং গ্রাহকদের কাছে কাঙ্ক্ষিত সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
১৪ জুন, রবিবার ঢাকার একটি অভিজাত হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৭০০ মেগাহার্জ স্পেকট্রামের (তরঙ্গ) আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) এসব কথা বলেন।
বিটিআরসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, "কোয়ালিটি অব সার্ভিস নিয়ে আমাদের বিভিন্ন গবেষণা ও পর্যালোচনায় দেখা গেছে, দেশের বড় একটি গ্রাহকগোষ্ঠী সেবার মানের চেয়ে দামের বিষয়ে বেশি সংবেদনশীল। কিন্তু আমি মনে করি, এর দায় গ্রাহকদের নয়। আমরা যদি তাদের উন্নত মানের সেবা ও অভিজ্ঞতা দিতে না পারি, তাহলে তারা সেই মানের প্রত্যাশাও তৈরি করতে পারবে না।"
তিনি মনে করেন, দেশের টেলিযোগাযোগ খাত ডিজিটাল অর্থনীতির মূল ভিত্তি। এই ভিত্তি যত শক্তিশালী হবে, ডিজিটাল সেবার বিস্তার ততই সহজ হবে।
তিনি আরও উল্লেখ করেন- টু-জি (2G) আমল থেকে শুরু করে বর্তমান পর্যায় পর্যন্ত আসতে মোবাইল অপারেটররা টাওয়ারের ঘনত্ব বৃদ্ধি, স্পেকট্রাম সম্প্রসারণ এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নেটওয়ার্ক সক্ষমতা বাড়িয়েছে। কিন্তু এত কিছুর পরও দেশের অনেক এলাকায় এখনও সংযোগ ও সেবার মানের ঘাটতি রয়ে গেছে।
নতুন এই তরঙ্গ চালুর সুবিধা নিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবনের ভেতরে (ইনডোর কভারেজ) নেটওয়ার্ক সেবা উন্নয়ন এবং শিল্প খাতের কানেক্টিভিটি নিশ্চিত করতেও এটি দারুণ সহায়ক হবে।"
গ্রামীণফোনসহ দেশের সব মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রাহকদের প্রত্যাশিত মানের সেবা নিশ্চিত করতে শিল্পসংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এর পাশাপাশি দেশে স্মার্ট ডিভাইসের সহজলভ্যতা বাড়ানো ও ডিজিটাল সেবার প্রসারে অপারেটরদের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দেশের ডিজিটাল রূপান্তরকে গতিশীল করতে উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার বিকাশে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গ্রামীণফোনের ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ বিটিআরসি ও অপারেটরটির শীর্ষস্থানীয় ব্যক্তি ও কর্মকর্তারা বক্তব্য দেন।
//ডিবিটেক/ এসআই/ ইকে//





