বসুন্ধরা সিটিতে দেশের প্রথম ‘হুয়াওয়ে ডিসপ্লে জোন’ উদ্বোধন, থাকছে বিশেষ অফার
বাংলাদেশে হুয়াওয়ের নতুন যাত্রার অংশ হিসেবে বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করল দেশের প্রথম ‘হুয়াওয়ে ডিসপ্লে জোন’। এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা কেন্দ্রে গ্রাহকরা হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচসহ বিভিন্ন স্মার্ট ইকোসিস্টেম সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন। উদ্বোধন উপলক্ষে ২০ জুন পর্যন্ত বিশেষ মূল্যছাড়, উপহার ও প্রি-বুকিং অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে ফিজিক্যাল রিটেইল উপস্থিতির নতুন দিগন্ত উন্মোচন করে দেশের প্রথম ‘হুয়াওয়ে ডিসপ্লে জোন’ উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বিখ্যাত বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-০১-এ অবস্থিত এই ডিসপ্লে জোনের মাধ্যমে গ্রাহকরা এখন হুয়াওয়ের সর্বশেষ প্রযুক্তির ডিভাইসগুলো সরাসরি স্পর্শ ও ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।
সম্প্রতি শুরু হওয়া ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ ক্যাম্পেইনের ধারাবাহিকতায় এই জোনটি চালু করা হয়। এখানে হুয়াওয়ের সর্বাধুনিক স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্মার্ট ব্যান্ড এবং অডিও ডিভাইস প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধন উপলক্ষে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় অফার, প্রি-বুকিং সুবিধা এবং নিশ্চিত উপহার। পাশাপাশি প্রতিটি পণ্যের সঙ্গে অফিসিয়াল ওয়ারেন্টি ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিজনেসের কান্ট্রি হেড এরিক প্যাং বলেন, “বাংলাদেশ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। এটি শুধু একটি ডিসপ্লে স্পেস নয়, বরং হুয়াওয়ের উদ্ভাবন ও স্মার্ট ইকোসিস্টেম অভিজ্ঞতার একটি নতুন গন্তব্য।”
অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বসুন্ধরা সিটি সবসময় বিশ্বমানের ব্র্যান্ড ও অভিজ্ঞতা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। হুয়াওয়ে ডিসপ্লে জোনের উদ্বোধন গ্রাহকদের জন্য একটি নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে।”
হুয়াওয়ের এই যাত্রার অন্যতম অংশীদার ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন বলেন, “হুয়াওয়ের সঙ্গে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। গ্রাহকরা যেন পণ্যগুলো সরাসরি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেই লক্ষ্যেই এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা কেন্দ্র সাজানো হয়েছে।”
সংশ্লিষ্টরা জানান, এই ডিসপ্লে জোনটি মূলত একটি ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স সেন্টার, যেখানে গ্রাহকরা বিভিন্ন ডিভাইসের ফিচার পরীক্ষা করার পাশাপাশি হুয়াওয়ের স্মার্ট ইকোসিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারবেন। ভবিষ্যতে দেশজুড়ে হুয়াওয়ের আরও বিস্তৃত রিটেইল শপ চালুর ক্ষেত্রে এই ডিসপ্লে জোনটি ভিত্তি হিসেবে কাজ করবে।
//ডিবিটেক/এফএ/ইকে//





