প্রতারণার মামলায় গ্রেফতার আ’লীগের সাবেক দুই নেতার পেজ এডমিন

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

প্রতারণার মামলায় গ্রেফতার আ’লীগের সাবেক দুই নেতার পেজ এডমিন
১৭ জুন, ২০২৬ ১৪:০২  
১৭ জুন, ২০২৬ ১৬:০৬  

রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

১৭ জুন সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। 

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করা হয়।

ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা সময়ক্ষেপণ শুরু করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মতিঝিল থানা এলাকায় অভিযান চালায়। যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় পরিচালিত ওই অভিযানে শিশির মুন্নাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা পরিচালনা এবং বিভিন্ন প্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

ডিবির দাবি, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা করতেন তিনি। এছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তদন্তে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও মুলতবি রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

//ডিবিটেক/এসআই/এমাই//