২২ বিলিয়ন ডলারে রোকু কিনছে ফক্স কর্পোরেশন
বিশ্ব বিনোদন ও গণমাধ্যম জগতে এক বিশাল পরিবর্তনের আভাস দিয়ে স্ট্রিমিং ডিভাইস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘রোকু’ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে বিখ্যাত ফক্স কর্পোরেশন। প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও স্ট্রিমিং বাজারে এক নতুন পরাশক্তির জন্ম হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠান দুটির দেওয়া যৌথ বিবৃতি অনুযায়ী, সব ধরনের আইনি ও নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন সাপেক্ষে ফক্স প্রতি শেয়ারের জন্য ১৬০ ডলার মূল্যে রোকু-কে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। সংশ্লিষ্টদের দাবি, এই অধিগ্রহণ সম্পন্ন হলে দর্শকসংখ্যার দিক থেকে এটি হবে যুক্তরাষ্ট্রের টেলিভিশন বাজারের তৃতীয় বৃহত্তম মাধ্যম।
ফক্স কর্পোরেশনের প্রধান নির্বাহী ও নির্বাহী চেয়ারম্যান ল্যাচলান মারডক এক বিবৃতিতে বলেন, এটি ফক্সের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ এক দশক ধরে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমরা যে কৌশল অবলম্বন করে আসছি, এটি তারই অংশ। এর মাধ্যমে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের লাইভ বা সরাসরি সম্প্রচারিত কনটেন্টের এক অপূর্ব সমন্বয় ঘটবে, যা কোম্পানির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে বহুগুণ বাড়িয়ে দেবে।
তবে মালিকানা পরিবর্তন হলেও রোকু তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অংশীদারদের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করে যাবে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১০ কোটিরও বেশি পরিবার রোকু চ্যানেল ব্যবহার করছে। এই চুক্তির ফলে ফক্সের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপন ও স্ট্রিমিং গ্রাহক ফি থেকে আয়ের ক্ষেত্র আরও শক্তিশালী হবে।
রোকু-র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যান্থনি উড এই চুক্তিকে একটি অসাধারণ সুযোগ হিসেবে অভিহিত করে বলেন, ফক্সের সঙ্গে যুক্ত হওয়া আমাদের লক্ষ্যকে আরও বেগবান করবে। আমরা দর্শকদের জন্য আরও দ্রুত নতুন প্রযুক্তি নিয়ে আসতে পারব। ফক্স এই বিশাল অঙ্কের অর্থ নগদ টাকা এবং নিজস্ব সাধারণ শেয়ারের সমন্বয়ে পরিশোধ করবে বলে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





