বিজ্ঞান কমপ্লেক্সে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু: খুদে বিজ্ঞানীদের লেগে থাকার আহ্বান
রাজধানীর আগারগাঁওয়ে শুরু হলো ৩ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ৩ বিজ্ঞানীকে সম্মাননা। খুদে বিজ্ঞানীদের স্বপ্ন দেখার আহ্বান মন্ত্রী ফকির মাহবুব আনামের।
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’। আজ সকালে জাতীয় পর্যায়ে তিন বিশিষ্ট বিজ্ঞানীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সায়েন্স শো এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খুদে বিজ্ঞানীদের ব্যর্থতাকে ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ‘স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ’ (আকাশই তোমাদের সীমানা) উল্লেখ করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “স্বপ্ন দেখ, লক্ষ্য স্থির কর। কখনো ধৈর্য হারা হবে না। কোনো অবস্থাতেই হাল ছাড়বে না, লেগে থাকবে—তাহলে সফল হবেই।” তিনি আরও যোগ করেন, সঠিক পদ্ধতিতে এগিয়ে গেলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব, যার প্রমাণ আমাদের ছেলেরাই এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান (লেফটেন্যান্ট জেনারেল)। অনুষ্ঠানে সচিব আনোয়ার হোসেন অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সন্তানরা যেন সাহস নিয়ে প্রশ্ন করতে পারে, সেই পরিবেশ তৈরি করে দিন। বিজ্ঞান হলো উত্তর খোঁজার পথ এবং খুদে বিজ্ঞানীদের গবেষণার জন্য আমাদের অনেক ল্যাব আছে, আমরা তাদের সেখানে কাজের সুযোগ করে দেব।
অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ড. মুহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, “বিজ্ঞানীদের সবসময়ের সঙ্গী হতাশা। হতাশাই তোমাদের গলার মালা। প্রশ্ন থেকেই বিজ্ঞানের উৎপত্তি এবং সমস্যার সমাধানই বিজ্ঞানীর কাজ। তাই প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।” তিনি তরুণদের পশ্চিমা বিজ্ঞানের অন্ধ অনুকরণ না করে দেশের নিজস্ব সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত অপর বিজ্ঞানী মারজানা আক্তার বলেন, “প্রশ্ন থেকেই সকল সমাধানের উৎপত্তি। তাই মনের ভেতরের কৌতুহল কখনো হারিও না। ছোটবেলা থেকে প্রাকৃতিকভাবে উদ্ভূত প্রশ্নগুলোকে ধরে রাখবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়ের বাইরে গিয়ে নতুন কিছু নিয়ে চিন্তা করবে।” উল্লেখ্য, দেশের বাইরে থাকায় আইসিডিডিআর,বি (icddr,b)-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে তাঁর পুরস্কার গ্রহণ করতে পারেননি।
//ডিবিটেক/টিবিআর/ ইকে//





