প্রযুক্তি ও টেকসই বিনিয়োগ বাড়াতে ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সাথে ইএটিএল-এর বৈঠক
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানির মতো ফ্রন্টিয়ার প্রযুক্তিতে আন্তর্জাতিক বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন, শনিবার জানানো হয়, রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকার বলরুমে ৫ জুন,শুক্রবার রাতে সফররত ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের সম্মানে এই আয়োজন করে দেশের প্রথম বেসরকারি খাতভিত্তিক ইনোভেশন হাব ‘ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খানের আমন্ত্রণে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই-এর নেতৃত্বে আসা আন্তর্জাতিক প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রযুক্তি খাত, গ্রিন এনার্জি প্রকল্প, আইটি অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গ্রহণের গভীর আগ্রহ প্রকাশ করেন। এই আয়োজনটি মূলত গত ২০২৫ সালের নভেম্বরে ইএটিএল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যুক্তরাজ্য সফরের সময় হাউস অব কমন্সে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের ধারাবাহিকতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতা বলেন, বাংলাদেশ সরকার দেশকে আঞ্চলিক ব্যবসা ও প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর এবং বিদেশি বিনিয়োগের পরিবেশ সহজীকরণে কাজ করছে। সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান (এমপি) অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে সরকারি-বেসরকারি খাতের কার্যকর অংশীদারিত্বের ওপর জোর দেন। ইএটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, আইওটি ও ডিজিটাল অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।
গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অত্যাধুনিক প্রযুক্তি অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইএটিএল ইনোভেশন হাব বর্তমানে দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা এবং এআইভিত্তিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলছে। অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (এমপি), বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কৌশলগত আলোচনা সভাটি বৈশ্বিক বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের আইটি ও অবকাঠামো খাতের সেতুবন্ধন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
//ডিবিটেক/ এএইচটি/ ইকে//





