নগদ ইসলামিকের উমরাহ জয়ী পাঁচজন জেদ্দায়

ইসলামিকের বিশেষ ক্যাম্পেইনে উমরাহ প্যাকেজ বিজয়ী পাঁচজন সাধারণ গ্রাহক উমরাহ পালনের জন্য জেদ্দায় পৌঁছেছেন। সম্পূর্ণ খরচ বহন করছে নগদ ইসলামিক।

নগদ ইসলামিকের উমরাহ জয়ী পাঁচজন জেদ্দায়
১৬ জুন, ২০২৬ ১১:৫৮  

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর শরিয়াহভিত্তিক সেবা ‘নগদ ইসলামিক’-এর বিশেষ ক্যাম্পেইনে উমরাহ প্যাকেজ বিজয়ী পাঁচজন ভাগ্যবানের স্বপ্ন সত্যি হলো। ১৬ জুন, মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তারা সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। এর আগে ভোর ৩টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এই পাঁচ বিজয়ীর উমরাহ পালনের সব খরচ বহন করছে ‘নগদ ইসলামিক’।

পুরো রমজান মাসজুড়ে চলা এই ক্যাম্পেইনে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীরা ৩ হাজার বা তার বেশি টাকা লেনদেন করে উমরাহ জেতার সুযোগ পান। লাখো গ্রাহকের মধ্য থেকে বিজয়ী হওয়া এই পাঁচজন হলেন— ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন। উমরাহ যাওয়ার আগে জুবায়ের হোসেন ও মো. মানিক আবেগঘন কণ্ঠে নগদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সোমবার নগদ অফিসে বিজয়ীদের হাতে প্রয়োজনীয় সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, "সমাজের নিম্ন আয়ের মানুষের পবিত্র উমরাহর স্বপ্ন পূরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নগদ ইসলামিক শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি গ্রাহকদের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম।" সম্পূর্ণ ইসলামিক শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই অ্যাকাউন্টে গ্রাহকেরা কোনো সুদ ছাড়াই লেনদেন করতে পারছেন।

//ডিবিটেক/এসবিএ/ইকে//