প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী

খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। দেশীয় শিল্পের বিকাশ ও নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ২০:৩৭  

দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

১৬ জুন, মঙ্গলবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডকে আরও এগিয়ে নিতে ক্রমাগত পুরোনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগ, কার্যকর প্ল্যানিং, মার্কেটিং পলিসি এবং প্রোঅ্যাক্টিভ মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি। প্রতিষ্ঠানকে নিজের ভাবার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করেন যে, এর উন্নয়নে যা যা করা দরকার সরকার তাই করবে।

পরিদর্শনকালে মন্ত্রী উৎপাদন কার্যক্রমের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিতকরণের তাগিদ দেন। কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার প্রশংসা করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি, পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেশি আমের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

//ডিবিটেক/এমজেইউ/এসআই//