ইন্টারনেট অবকাঠামো সুরক্ষায় সরকারের কাছে ৬ দাবি আইএসপিএবির
দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও প্রান্তিক গ্রাহকদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নেটওয়ার্ক দখল, হামলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
১৪ জুন, রবিবার (, ২০২৬) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।
তিনি বলেন, গত ৯ জুন রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এর আগে গাজীপুর, বগুড়া, চাঁদপুরের মতলব, সুবর্ণচর, সিলেট ও কুমিল্লার দেবিদ্বারেও একই ধরনের ঘটনা ঘটেছে। এসব হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নয়, দেশের ডিজিটাল অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, বর্তমানে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২টি হামলার ঘটনা ঘটছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিটি অফিস ফিক্সড ব্রডব্যান্ড নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। একটি পপ (পয়েন্ট অব প্রেজেন্স) কেন্দ্রের মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় সেবা দেওয়া হয়। নেটওয়ার্ক দখল বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে একজন উদ্যোক্তার প্রায় ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে চাঁদা দিয়েই ব্যবসা পরিচালনা করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, রাজধানীর মহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে নিরাপদে কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে এবং ভবিষ্যতে নেটওয়ার্ক দখল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট খাত উল্লেখযোগ্য কোনো সুবিধা পায়নি। ইন্টারনেট সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট বহাল রাখা হয়েছে। পাশাপাশি ফাইবার অপটিক ক্যাবল, রাউটার ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সরঞ্জামের আমদানি শুল্কও প্রত্যাহার করা হয়নি।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা। তিনি বলেন, ইন্টারনেট এখন নাগরিক জীবনের মৌলিক প্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। দেশের কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন সংযোগ পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু হামলা ও নেটওয়ার্ক দখলের ঘটনা খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম এবং এস এম সাইফুল ইসলাম সেলিম।
//ডিবিটেক//বিএন/এমআই//





