বিকাশ অ্যাপে ‘গেম জোন’ ফিচার চালু

বিকাশ অ্যাপে চালু হয়েছে নতুন ‘গেম জোন’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই ১০০টির বেশি গেম খেলতে, টুর্নামেন্টে অংশ নিতে এবং নতুন ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ গেম উপভোগ করতে পারবেন।

বিকাশ অ্যাপে ‘গেম জোন’ ফিচার চালু
১৫ জুন, ২০২৬ ১৫:৫১  

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ তাদের অ্যাপে নতুন ‘গেম জোন’ ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের গেম খেলতে এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।

বিকাশ জানিয়েছে, অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীরা গেমিং প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। সেখানে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম খেলার সুযোগ থাকবে।

গেম খেলার পাশাপাশি ‘গেম জোন’-এ নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো সময়ে প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশ নিতে পারবেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

ফুটবল মৌসুমকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই ফিচারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন ফুটবলার এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা উপস্থিত ছিলেন।

এ সময় ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ নামে একটি নতুন গেম চালুর ঘোষণা দেওয়া হয়। বিকাশ অ্যাপের কুপন ব্যবহার করে গ্রাহকরা এক টাকায় গেমটি খেলতে পারবেন। গেমটিতে ব্যবহারকারীরা ভার্চুয়াল ফুটবল মাঠে হামজা চরিত্রে খেলতে পারবেন এবং নিজেদের পছন্দের প্রতিপক্ষ দলের বিপক্ষে অংশ নিতে পারবেন।

বিকাশ অ্যাপের গ্রাহকরা ‘গেম জোন’-এ সাপ্তাহিক বা মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন গেম খেলতে পারবেন। একবার সাবস্ক্রিপশন নিলে ১০০টির বেশি গেমে প্রবেশাধিকার পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে গেম জোন থেকেই যেকোনো সময় তাদের সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।

//ডিবিটেক/এসএইচপি/এমআই//