শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন
এবার ১৪ মিনিটে নিয়ন্ত্রণে কার্গো ভিলেজের আগুন
রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের ৯ নম্বর গেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ জুন, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১১টা ৩৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরের ৯ নম্বর কার্গো গেটের সামনে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদও কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্টিত করেছেন।
তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ারের এই কর্মকর্তা। এছাড়াও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টিও নিরূপন করা যায়নি।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল এবং আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন।
//ডিবিটেক/ডিপিও/ইকে//





