ইনডোর নেটওয়ার্ক ও গ্রামীণ কভারেজে উন্নতির আশা; ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তুতিতে নতুন পদক্ষেপ
‘গোল্ডেন স্পেকট্রাম’ চালু করলো গ্রামীণফোন
দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে ইনডোর নেটওয়ার্ক, গ্রামীণ কভারেজ ও ভবিষ্যৎ প্রযুক্তির সক্ষমতা আরও শক্তিশালী হবে। স্পেকট্রামটি ১৩ বছরের জন্য বরাদ্দ দিয়েছে বিটিআরসি।
বিনা প্রতিযোগিতায় কেনা ৭০০ মেগাহার্টজ (MHz) ব্যান্ডের ‘গোল্ডেন স্পেকট্রাম’ চালু করলো বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন। ১৪ জুন, রবিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের শীর্ষ কর্মকর্তাদের হাতে সংশ্লিষ্ট প্লাকার্ড তুলে দিয়ে এই তরঙ্গ চালুর আনুষ্ঠিক ঘোষণা দেয়া হয়। গত ২১ জানুয়ারি প্রায় ২,৩৭০ কোটি টাকায় ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পায় আলোচিত এই অপারেটরটি।
বিশ্বকাপ ফুটবল লাইভ স্ট্রিমিংয়ে কারিগরি ত্রুটিতে সোশ্যাল হ্যান্ডেলে তুলোধনা হবার পরদিন প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের ফলে ভবনের ভেতরে নেটওয়ার্কের মান উন্নত হবে, গ্রামীণ অঞ্চলে কভারেজ আরও বিস্তৃত হবে এবং ডিজিটাল সংযোগ আরও নির্ভরযোগ্য হবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের সভাপতিত্বে স্বর্ণতরঙ্গ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
সবার তীর গ্রামীণফোনের দিকে: যা বললেন বিটিআরসি চেয়ারম্যান
গ্রামীণফোন জানিয়েছে, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড ‘লো-ব্যান্ড’ স্পেকট্রাম হওয়ায় প্রতিটি বেস স্টেশন থেকে তুলনামূলক বড় এলাকায় কভারেজ দেওয়া সম্ভব হবে। ফলে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ভবনের ভেতরে সংযোগের মান বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রেহান আসিফ আসাদ বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। শহর ও গ্রামে মানসম্মত সংযোগ সম্প্রসারণ ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তি সহজ করবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, এই স্পেকট্রাম দেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং সবার জন্য ডিজিটাল সেবার সমান সুযোগ তৈরিতে সহায়ক হবে। বিশেষ করে ইনডোর কভারেজ, ভয়েস ও ডেটা পারফরম্যান্স উন্নয়নে এর প্রভাব গুরুত্বপূর্ণ হবে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, নতুন এই স্পেকট্রাম ফোরজি সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চগতির ডেটা, কম ল্যাটেন্সি এবং ভবিষ্যতের প্রযুক্তি- যেমন ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি)- ব্যবহারের প্রস্তুতিতে সহায়তা করবে।
//ডিবিটেক/এসএইচ/এমআই//





