সাইবার বুলিং নিয়ে প্রভার ক্ষোভ

দীর্ঘ ১৬ বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ফেসবুক লাইভে এসে ট্রলকারীদের তীব্র সমালোচনা করেছেন। ভিকটিম ব্লেমিং বন্ধ করে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান তিনি।

সাইবার বুলিং নিয়ে প্রভার ক্ষোভ
১৬ জুন, ২০২৬ ১১:৩৮  

দীর্ঘ ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন নীরব থাকলেও সম্প্রতি নিজের ফেসবুক লাইভে এসে তিনি এই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন এবং ট্রলকারীদের মানসিকতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

লাইভে প্রভা মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার সূত্র ধরে বলেন, যারা অনলাইনের অন্যদের বুলি বা কটূক্তি করে, তারা মূলত নিজেদের যোগ্যতা, সৌন্দর্য ও অবস্থান নিয়ে তীব্র নিরাপত্তাহীনতায় (ইনসিকিউরিটি) ভোগে। নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট ও দুঃখী মানুষরাই মূলত সেলিব্রিটি বা আর্টিস্টদের ভার্বালি অ্যাবিউজ করে পৈশাচিক আনন্দ পায়।

সমাজে ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতির তীব্র সমালোচনা করে প্রভা বলেন, "আমাকে ১৬ বছর ধরে বুলি না করে, এর অর্ধেকও যদি অপরাধীকে করা হতো, তবে পরিস্থিতি এমন হতো না। সম্মতি ছাড়া কারও ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি প্রকাশ করা গুরুতর অপরাধ। কিন্তু মানুষ অপরাধীকে আড়াল করে দিন দিন ভিকটিমকে বুলি করছে।"

তিনি আরও যোগ করেন, অপরাধীকে চিহ্নিত না করার কারণেই সমাজে বিকৃত মানসিকতার জন্ম হচ্ছে। আগামী প্রজন্মের সুরক্ষায় চাইল্ডহুড ট্রমা দূর করা ও সঠিক প্যারেন্টিংয়ের ওপর জোর দিয়ে ভিকটিমকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান এই অভিনেত্রী।

//ডিবিটেক/বিটি/ইকে//