২০৩০ সালে বাংলাদেশ হবে টেক হাব: রেহান আসিফ আসাদ
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতির কেন্দ্র বা ‘টেক হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি জানান, ডিজিটাল ও আইসিটি খাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়াতে সরকার নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।
বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি আঞ্চলিক টেক হাবে পরিণত করার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের ডিজিটাল খাতের উন্নয়নে বিএনপি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার কথাও জানান তিনি।
১৪ জুন, রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় গ্রামীণফোনের ৭০০ মেগাহার্জ স্পেকট্রামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেহান আসিফ আসাদ বলেন, গত চার দশকে দেশের তৈরি পোশাক খাত যে ধরনের প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক অবস্থান তৈরি করেছে, ডিজিটাল কনজিউমার ও আইসিটি খাতেও সেই ধরণের সাফল্য অর্জন করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, “গার্মেন্টস খাত যেসব নীতিগত সুবিধা পেয়েছে, আগামী এক দশকে আইসিটি খাতেও সেসব সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বেসরকারি খাত ও বিনিয়োগকারীরা এই খাতে দীর্ঘমেয়াদি সম্ভাবনা দেখতে পারবেন।”
কর কাঠামো নিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক কর-জিডিপি অনুপাত কম হলেও টেলিযোগাযোগ খাতে করের চাপ তুলনামূলক বেশি ছিল। সাধারণ ব্যবহারকারীদের ওপর সরাসরি প্রভাব ফেলত এমন সিম ট্যাক্স ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি অংশীজনদের মতামতের ভিত্তিতে সাম্প্রতিক বাজেটে বেশ কিছু সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “২০২৯ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম কনজিউমার ও টেলিকম বাজারে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। তবে শক্তিশালী কানেক্টিভিটি ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসআই/ইকে//





