নামমাত্র খরচে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, ফিফার সাথে সরাসরি ৩.৮৫ মিলিয়ন ডলারের (ভ্যাট-ট্যাক্সসহ প্রায় ৬৩.৮০ কোটি টাকা) স্বচ্ছ চুক্তির মাধ্যমে বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে ফুটবল বিশ্বকাপ। বেসরকারি চ্যানেল, টেলকো ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রির মাধ্যমে পুরো অর্থ উঠে আসায় বিটিভির নিজস্ব কোনো খরচ হচ্ছে না। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মধ্যস্থতায় ২০০ কোটির প্রাথমিক জটিলতা কাটিয়ে এই সাশ্রয়ী চুক্তি সম্পন্ন হয়।
১১ জুন পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। আসরের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নামমাত্র খরচে বিটিভি খেলা দেখাবে। ৯ জুন, মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানও বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ থাকলেও বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমদিকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সেই অন্যায্য প্রস্তাবে সম্মত না হয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এর নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে সম্পৃক্ত করে দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সাশ্রয়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
নীতিমালার আলোকে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট ব্যয় হবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ (ত্রিশ) হাজার ১২৫ টাকা। প্রতিমন্ত্রী অত্যন্ত আশাব্যঞ্জক একটি তথ্য দিয়ে বলেন, সম্প্রচার স্বত্ব বাবদ ব্যয়ের এই অর্থের প্রায় পুরোটাই বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানি, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সহ-সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে ইতিমধ্যেই আদায় করা সম্ভব হয়েছে। এর ফলে বিটিভির নিজস্ব কোনো আর্থিক দায় বা ক্ষতি থাকবে না এবং এটি কার্যত বিনা খরচে সম্প্রচারিত হবে।
সরকারের মূল লক্ষ্য জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী সেবায় নিয়োজিত রাখা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানান। তিনি বলেন, সকল জটিলতা কাটিয়ে দেশের আপামর দর্শক এবার বিটিভির পর্দায় নির্বিঘ্নে বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর খেলাগুলো উপভোগ করতে পারবেন। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ইএইচপি/এমইউআই//





