ডিজিটাল এক্সেসিবিলিটি নিয়ে ইউএফটিবিতে প্রশিক্ষণ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিজিটাল এক্সেসিবিলিটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ও এক্সেসিবল ডিজিটাল সেবা উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
ডিজিটাল সেবা ও প্রযুক্তিকে সবার জন্য ব্যবহারযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য নিয়ে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশে (ইউএফটিবি) ১৫ জুন, সোমবার দিনব্যাপী ডিজিটাল এক্সেসিবিলিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এটুআই-এর ডিজএবিলিটি ইনোভেশন ল্যাব এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল এক্সেসিবিলিটি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এক্সেসিবল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জন এবং প্রযুক্তি উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মুনিরা আক্তার লতা।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন এটুআই প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রফিক। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন এটুআই-এর এক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য্য। সেশনে আন্তর্জাতিক মানদণ্ড ডব্লিউসিএজি (WCAG) এবং সেকশন ৫০৮ (Section 508) অনুসরণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল কনটেন্টের এক্সেসিবিলিটি এবং অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিজিটাল এক্সেসিবিলিটি বাস্তবায়ন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এসব শিক্ষার্থী অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দেবেন এবং দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করে তুলতে ভূমিকা রাখবেন।
//ডিবিটেক/এমএআর/এমআই//





