এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় পাস ১৫.৯৮ শতাংশ চিকিৎসক
বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) পরিচালিত এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় পাস করেছেন ১৫ দশমিক ৯৮ শতাংশ চিকিৎসক।
বিসিপিএসের ওয়েবসাইটে ৪ জুন, বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১ হাজার ৫৬৮ জন চিকিৎসক। এর মধ্যে পাস করেছেন ১ হাজার ৮৪৯ জন। বাকি চিকিৎসকরা অকৃতকার্য হয়েছেন।
বিসিপিএস জানিয়েছে, পরীক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
গত ২ জুন মেডিসিন অ্যান্ড অ্যালাইড বিষয়ের মাধ্যমে এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সূচনা হয়। চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পরদিন ৩ জুন অনুষ্ঠিত হয় অ্যানেস্থেসিওলজি, বায়োকেমিস্ট্রি, ডেন্টাল সার্জারি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি, সাইকিয়াট্রি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংসহ মোট ৯টি বিষয়ের পরীক্ষা।
শেষ দিন ৪ জুন অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, অফথ্যালমোলজি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফার্মাকোলজি, সার্জারি অ্যান্ড অ্যালাইডসহ মোট ১৫টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিপিএসের নিয়ম অনুসারে শেষ দিনের পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়।
বিসিপিএস সূত্রে প্রকাশ, গত ২৯ এপ্রিল দিবাগত রাতে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে মেডিসিন অ্যান্ড অ্যালাইডে ৪ হাজার ৩১২ জন, সার্জারি অ্যান্ড অ্যালাইডে ২ হাজার ৩৪২ জন এবং গাইনি অ্যান্ড অ্যালাইডে ২ হাজার ১৩৫ জনসহ মোট ১২ হাজার ৪৮০ জন চিকিৎসক তালিকাভুক্ত হন, যা বিসিপিএসের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে জানুয়ারি-২০২৬ সেশনের এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক। সেবার পাস করেন ২ হাজার ৩০৮ জন এবং পাসের হার ছিল ২১ দশমিক ২৭ শতাংশ।
//ডিবিটেক/ডিএমএল/এমইউএম//





