ওয়ার্ল্ড ব্যাংক ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি
ওয়াশিংটনে তরুণদের বৈশ্বিক মঞ্চে তিশা-তৌফিকের এআইভিত্তিক উদ্ভাবন
ওয়ার্ল্ড ব্যাংক ইয়ুথ সামিট ২০২৬–এ বাংলাদেশের দুই তরুণ প্রতিনিধি বৈশ্বিক কর্মসংস্থান ও উদ্ভাবন বিষয়ে এআইভিত্তিক সমাধান উপস্থাপন করে দেশের সম্ভাবনা তুলে ধরছেন।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ১৩তম World Bank Group Youth Summit 2026–এ অংশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছেন দুই তরুণ প্রতিনিধি তিশা খন্দকার ও মো. তৌফিক এলাহী।
World Bank Group–এর সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের নীতিনির্ধারক, বিনিয়োগকারী, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব একত্র হয়েছেন ভবিষ্যতের কর্মসংস্থান ও ডিজিটাল অর্থনীতির রূপরেখা নিয়ে আলোচনা করতে।
সম্মেলনের উদ্বোধন করেন Ajay Banga। তিনি দারিদ্র্য হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। পরে International Finance Corporation–এর ব্যবস্থাপনা পরিচালক Makhtar Diop উদীয়মান অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।
প্রথম দিনের আলোচনার অন্যতম আকর্ষণ ছিল “Beyond the Pitch Deck: Both Sides of the Funding Table” শীর্ষক প্যানেল। সেখানে বাংলাদেশের উদ্যোক্তা সম্ভাবনা তুলে ধরেন Tiger New Energy–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী Nicole Mao। তিনি বলেন, প্রযুক্তি গ্রহণ ও স্কেলযোগ্য উদ্ভাবনের কারণে বাংলাদেশ এখন ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য সম্ভাবনাময় বাজারে পরিণত হচ্ছে।
সামিটের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইনোভেশন ল্যাবে বাংলাদেশের দুই প্রতিনিধি নিজেদের এআইভিত্তিক সমাধান উপস্থাপন করবেন।
তিশা খন্দকার Youth Entrepreneurship ক্যাটাগরিতে “AgriCredit” নামে একটি এআইভিত্তিক সমাধান উপস্থাপন করবেন, যার লক্ষ্য উন্নয়নশীল দেশের তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির বাধা কমানো।
অন্যদিকে মো. তৌফিক এলাহী Education and Skills ক্যাটাগরিতে “From Skills to Jobs: TVET Transitions” শীর্ষক একটি কৌশলগত রোডম্যাপ তুলে ধরবেন। এতে শিক্ষা ও দক্ষতার ব্যবধান কমিয়ে তরুণদের কর্মসংস্থানে যুক্ত করার পরিকল্পনা উপস্থাপন করা হবে।
বিশ্বব্যাপী আগামী এক দশকে উদীয়মান অর্থনীতিগুলোতে বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করবে—এমন বাস্তবতায় এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন প্রজন্মের উদ্ভাবন, দক্ষতা ও বৈশ্বিক অংশগ্রহণের সক্ষমতাকে আরও দৃশ্যমান করেছে।
প্রসঙ্গত , ২০১৩ সালে যাত্রা শুরু করা World Bank Group Youth Summit ১৮–৩৫ বছর বয়সী তরুণদের জন্য অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এবারের প্রতিপাদ্য “FutureWorks: Designing Jobs for the Digital Age”, যেখানে কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও সবুজ উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
//ডিবিটেক/এইচএম/এমআই//





