তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর চিন্তাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
দেশের তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
১২ জুন শুক্রবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের Educational Excellence Support Scheme (EESS)–এর আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন আজকের প্রদর্শিত প্রকল্পগুলোতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সরকার তৃণমূল পর্যায়ে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ, পরিবেশবান্ধব মডেল, রোবোটিক্স এবং আধুনিক কৃষিভিত্তিক ধারণাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
//ডিবিটেক/এসআই/এমআই//





