প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে ভারতে টেলিগ্রাম বন্ধ

প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে ভারতে টেলিগ্রাম বন্ধ
১৬ জুন, ২০২৬ ১৭:৫৫  

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ানো এবং পরীক্ষার্থীদের সঙ্গে জালিয়াতি রোধে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ জুন পর্যন্ত ভারতে এই অ্যাপটির ব্যবহার ব্লক বা অবরুদ্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা এক সরকারি আদেশে বলা হয়েছে, আগামী ২১ জুন ভারতে জাতীয় স্তরের মেডিকেল ভর্তি পরীক্ষা বা ‘নিট’-এর পুনরনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল ও গ্রুপে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ এবং প্রশ্নফাঁসের মিথ্যা দাবি করে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল একটি চক্র।  

পরীক্ষার স্বচ্ছতা রক্ষা এবং পরীক্ষার্থীদের সুরক্ষায় ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, অপরাধী চক্রগুলো টেলিগ্রামের বার্তা সংশোধন বা মেসেজ এডিটিং ফিচারের অপব্যবহার করে পরীক্ষা শেষ হওয়ার পর ভুয়া প্রশ্নফাঁসের প্রমাণ তৈরি করছিল। এই কারণে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের বার্তা সংশোধনের সুবিধাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো ধরনের অননুমোদিত তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ২২ জুন পরীক্ষার সার্বিক প্রক্রিয়া শেষ হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স ও অনলাইন