ডিজিটাল কর বসালে ফরাসি ওয়াইনে শতভাগ শুল্কের হুমকি ট্রাম্পের

ডিজিটাল কর বসালে ফরাসি ওয়াইনে শতভাগ শুল্কের হুমকি ট্রাম্পের
১৬ জুন, ২০২৬ ১৪:৫৩  

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল কর আরোপ করার জেরে ফ্রান্সের বিশ্ববিখ্যাত ওয়াইন ও শ্যাম্পেন শিল্পের ওপর শতভাগ শুল্ক আরোপের নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিতব্য শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি এই হুঁশিয়ারি দিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর কর না বসাতে অনুরোধ করেছিলাম। তারা যদি এরপরও এই কর আদায় বজায় রাখে, তবে ফ্রান্স থেকে আমেরিকায় আসা সব ধরনের শ্যাম্পেন এবং ওয়াইনের ওপর শতভাগ শুল্ক বসানো ছাড়া আমার কোনো উপায় থাকবে না।”

মূলত ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ফ্রান্স মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল, অ্যাপল, ফেসবুক ও আমাজনের মতো প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর ৩ শতাংশ ‘ডিজিটাল কর’ আরোপ করেছিল। এই করের মাধ্যমে ফ্রান্সের রাজস্বে প্রতিবছর প্রায় ৭০ কোটি মার্কিন ডলার জমা হয়। বিপরীতে, ফ্রান্সে উৎপাদিত ওয়াইন ও শ্যাম্পেনের জন্য আমেরিকা অন্যতম বড় বাজার, যার বার্ষিক মূল্য প্রায় ২০০ কোটি ডলার। ফলে শতভাগ শুল্কের এই হুমকি ফরাসি ওয়াইন শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে।

সম্প্রতি ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষে এই ডিজিটাল কর দ্বিগুণ করে ৬ শতাংশ করার পক্ষে ভোট দেওয়া হয়েছিল। তবে আমেরিকার সম্ভাব্য অর্থনৈতিক প্রতিশোধের কথা চিন্তা করে ফরাসি মন্ত্রীরা তাতে ভেটো দেন। বিশ্লেষকদের মতে, কর পুরোপুরি বাতিল করা ফ্রান্সের জন্য রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ, কারণ দেশটির সাধারণ ভোটারদের একটি বড় অংশ মার্কিন প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে উদ্বিগ্ন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প বিশ্বমঞ্চে মার্কিন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় শুল্ক নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এর আগে তাঁর চাপের মুখে ২০২৫ সালে কানাডা তাদের নিজস্ব ডিজিটাল কর বাতিল করতে বাধ্য হয়েছিল। তবে যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ এখনো তাদের নিজস্ব ডিজিটাল সেবা কর বহাল রেখেছে। বাণিজ্য আদালতের নিয়মের কারণে এই হুমকি শেষ পর্যন্ত কার্যকর করা কঠিন হতে পারে বলে ধারণা করা হলেও, আসন্ন জি-৭ সম্মেলনে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে বিষয়টি নিয়ে উত্তপ্ত আলোচনা হতে পারে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট