শিক্ষা ও গবেষণায় জোর দিলন পবিপ্রবি উপাচার্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ব্যবসায় প্রশাসন, সিএসই এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার অনুষ্ঠিত পৃথক তিনটি সভায় শিক্ষকেরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান এবং অনুষদগুলোর বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শিক্ষা ও গবেষণায় জোর দিলন পবিপ্রবি উপাচার্য
১৫ জুন, ২০২৬ ১৮:১২  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। 

১৫ জুন, সোমবার তিনি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন এবং অনুষদগুলোর সার্বিক একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে শিক্ষকদের মতামত শোনেন।

পৃথক তিনটি সভার শুরুতেই নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে শিক্ষকেরা ফুলেল শুভেচ্ছা জানান এবং অনুষদগুলোর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তিই হলো তার শিক্ষক সমাজ। শিক্ষা, উচ্চতর গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনন্য উচ্চতায় এগিয়ে নিতে হবে। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

বিভিন্ন অনুষদে বিদ্যমান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জনবল সংকট নিয়ে উপাচার্য শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, অনুষদগুলোর প্রয়োজনীয় জনবল ঘাটতি দ্রুত নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।

 তিনটি বৈঠকের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের সভায় সভাপতিত্ব করেন ডিন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাব্বির হোসেনের চমৎকার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল এবং সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন।

 কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য তুলে ধরেন সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, সিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মো. মুরাদুল বশির, অধ্যাপক ড. মো. শামসুজ্জামান, সিআইটি বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান এবং অধ্যাপক ড. অলি রায় চৌধুরী।

 মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সাবেক ডিন অধ্যাপক ড. মো. লোকমান আলী, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. কানিজ রওফসানা সুমি, অধ্যাপক ড. মো. আরিফুল আলম, অধ্যাপক ড. মো. রাজীব সরকার এবং অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভাগুলোতে অনুষদগুলোর শিক্ষকবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ এবং উপাচার্যের বাসভবনের একান্ত সচিব মো. আরিফুর রহমান নোমান উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এডি/ইকে//