যবিপ্রবিতে তরুণদের দক্ষতা উন্নয়নে বিজমেকারের আয়োজন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করেছে বিজমেকার। কর্মসূচিতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

যবিপ্রবিতে তরুণদের দক্ষতা উন্নয়নে বিজমেকারের আয়োজন
১৬ জুন, ২০২৬ ২০:১০  

ফ্রিল্যান্সার-নির্ভর বিজনেস সল্যুশন প্ল্যাটফর্ম বিজমেকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করেছে। ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত এ কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা চিহ্নিত করা, দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া।

বিজমেকার জানিয়েছে, শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান কমাতে তারা ফ্রিল্যান্সার-নির্ভর একটি মডেলে কাজ করছে। প্ল্যাটফর্মটি সোয়াইপ-ভিত্তিক ম্যাচিং পদ্ধতির মাধ্যমে ফ্রিল্যান্সারদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করে। ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বাজার-উপযোগী দক্ষতা, বাস্তবধর্মী জ্ঞান এবং সম্ভাব্য ক্যারিয়ার পথ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যবিপ্রবি ক্যাম্পাসে স্থাপিত একটি অস্থায়ী ভেন্যুতে আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্মুক্ত ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে এক হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘প্যাশন টু পসিবিলিটি’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন বিজমেকারের প্রতিষ্ঠাতা এএসএম রাফিউল হক। তিনি ফ্রিল্যান্সিং খাতের বর্তমান অবস্থা, ডিজিটাল অর্থনীতিতে এর সম্ভাবনা এবং ব্যক্তিগত দক্ষতা ও আগ্রহকে পেশাগত সুযোগে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেশনে অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারঅ্যাকটিভ গেমের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ব্যক্তিত্ব, দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে সম্ভাব্য ফ্রিল্যান্সিং বা পেশাগত ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পান। পাশাপাশি বিজমেকার প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের সরাসরি প্রদর্শনীর মাধ্যমে দক্ষ জনবল ও ব্যবসায়িক সুযোগের মধ্যে সংযোগ তৈরির প্রক্রিয়া তুলে ধরা হয়।

এএসএম রাফিউল হক বলেন, অনেক শিক্ষার্থী দীর্ঘদিন পড়াশোনা করলেও বাস্তব কর্মক্ষেত্রে সেই জ্ঞান প্রয়োগের সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পায় না। শিক্ষার্থীদের সম্ভাবনা চিহ্নিত করা, বাজার-উপযোগী দক্ষতা সম্পর্কে সচেতন করা এবং আধুনিক কর্মপরিবেশের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।

তিনি আরও বলেন, ক্যাম্পাসভিত্তিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনে উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক হতে পারে।

বিজমেকার জানিয়েছে, যবিপ্রবির এই আয়োজন তাদের চলমান তারুণ্যকেন্দ্রিক কার্যক্রমের অংশ। এর আগে প্রতিষ্ঠানটি ব্র্যাক ইউনিভার্সিটির ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভাল এবং গুলশান ক্লাবের ফ্লো ফেস্টে অংশ নিয়ে দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা কার্যক্রমে আগ্রহী তরুণদের সঙ্গে মতবিনিময় করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তি, কমিউনিটি সম্পৃক্ততা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের ফ্রিল্যান্স অর্থনীতিকে শক্তিশালী করা এবং তরুণদের ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ বাড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।

//ডিবিটেক/আরআর/এসআই//