পাবনায় টেকসই কৃষি উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, সুষম সার ব্যবহার ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

পাবনায় টেকসই কৃষি উন্নয়ন প্রশিক্ষণ শুরু
১৬ জুন, ২০২৬ ১৭:০০  

বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা উপপরিচালকের কার্যালয়ের খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন এমন একটি পদ্ধতি, যা বর্তমানের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মাটির উর্বরতা বৃদ্ধি, পানির সুষ্ঠু ব্যবহার এবং ক্ষতিকারক রাসায়নিকের পরিবর্তে জৈব সার ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি সম্পদ সংরক্ষণ করা সম্ভব।

তিনি বলেন, ফসল উৎপাদনে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার, বীজ, পানি ও বালাইনাশক ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় বাড়ে এবং খাদ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। জনস্বাস্থ্য সুরক্ষা, দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা জরুরি।

মো. আব্দুল ওয়াদুদ বীজের শ্রেণিবিন্যাস, উন্নত বীজের বৈশিষ্ট্য, বীজ সংরক্ষণ, সেচ ব্যবস্থাপনা, বালাইনাশকের পরিমিত ব্যবহার এবং সুষম সার প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখার জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. রাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. নুরে আলম।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে পাবনা জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করছেন।

//ডিবিটেক/এআইএস/ইকে//