আবহাওয়ার নির্ভুল বার্তা নিয়ে এলো মোবাইল অ্যাপ “আবহাওয়াবিদ”

আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 'আবহাওয়াবিদ' (Abohawabid) নামে একটি নতুন মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন করা হয়েছে। abohawa.com-এর ধারাবাহিকতায় তৈরি এই অ্যাপটি গত এক মাস ধরে ১০০ জন স্বেচ্ছাসেবক দ্বারা পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বুধবার থেকে গুগল প্লে স্টোরে সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। অ্যাপটির প্রধান লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য প্রদান করা।

আবহাওয়ার নির্ভুল বার্তা নিয়ে এলো মোবাইল অ্যাপ “আবহাওয়াবিদ”
১১ জুন, ২০২৬ ০০:০৮  

 প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল নতুন মোবাইল অ্যাপ্লিকেশন “আবহাওয়াবিদ” (Abohawabid)। বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য সহজে সাধারণ মানুষের হাতের মুঠোয় এনে দিতে abohawa.com ওয়েবসাইটের ধারাবাহিকতায় এই বিশেষ অ্যাপটি তৈরি করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১০ জুন, বুধবার থেকে প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহারকারীদের জন্য অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করা যাচ্ছে।

শুভ উদ্বোধনের তথ্য নিশ্চিত করে অ্যাপটির নির্মাতা ও abohawa.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, অ্যাপটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আগে এর কার্যকারিতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য গত এক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন পেশার প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন। এই ট্রায়াল বা পরীক্ষামূলক ব্যবহারে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া ও সাফল্যের ভিত্তিতেই অ্যাপটি চূড়ান্তভাবে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্বোধনকালে মোস্তফা কামাল পলাশ বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। “আবহাওয়াবিদ” অ্যাপের প্রধান লক্ষ্যই হলো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার আগাম ও নির্ভরযোগ্য তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া। অ্যাপটির সার্বিক পথচলায় তিনি দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, এই অ্যাপটির মাধ্যমে দেশের কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ অত্যন্ত সহজে এবং তাৎক্ষণিকভাবে আবহাওয়ার আপডেট জানতে পারবেন, যা দূর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে অনন্য ভূমিকা রাখবে।

//ডিবিটেক/এফএটিেইকে//