প্রকৌশল শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

‘দক্ষতার সঙ্গে নৈতিকতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না’

এমআইএসটির নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের শুধু দক্ষ নয়, নৈতিক, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দক্ষতাভিত্তিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘দক্ষতার সঙ্গে নৈতিকতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না’
১৪ জুন, ২০২৬ ১৪:১৮  

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই প্রকৌশল শিক্ষার্থীদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবেও গড়ে উঠতে হবে।

১৪ জুন, রবিবার রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র—সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবী তৈরি করা প্রয়োজন।

ড. মামুন আহমেদ বলেন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন খাত ও পেশায় নেতৃত্ব দেবে—তাই তাদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সামাজিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

তিনি উল্লেখ করেন, এমআইএসটি একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষের চর্চা গুরুত্ব পায়। তবে শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা এবং ব্যক্তিত্ব বিকাশেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও সে তুলনায় শিক্ষার মান প্রত্যাশিত হারে বাড়েনি বলেও মন্তব্য করেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই বাস্তবতায় মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে এবং বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও নীতিনির্ধারকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামন বলেন, প্রতিষ্ঠানটিতে প্রকৌশলসহ সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের আওতায় পাঠদান করা হয়, যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

তিনি আরও জানান, আধুনিক গবেষণাগার স্থাপন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আবাসনসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে কর্নেল মো. শাহাব উদ্দিন, কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এমজেআর/ইকে//