তরুণ উদ্যোক্তাদের ঋণ সহায়তায় ৫০০ কোটি টাকার তহবিল, বিনা জামানতে মিলবে ১০ লাখ টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

তরুণ উদ্যোক্তাদের ঋণ সহায়তায় ৫০০ কোটি টাকার তহবিল, বিনা জামানতে মিলবে ১০ লাখ টাকা
৯ জুন, ২০২৬ ১৯:৫৩  

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় পরিচালিত পুনঃঅর্থায়ন কর্মসূচির তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে তরুণদের জন্য কোনো বিনা সুদের ঋণ প্রকল্প না থাকলেও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

৯ জুন, মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক জানতে চান, তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে বা বিনা সুদে ঋণদানের কোনো প্রকল্প বর্তমানে চালু রয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বর্তমানে কোনো বিনা সুদের ঋণ প্রকল্প পরিচালিত হচ্ছে না। তবে নতুন উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিলের আকার ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। এছাড়া প্রয়োজনীয় জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, উদ্যোক্তাবান্ধব অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও নতুন ব্যবসা উদ্যোগকে উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, নতুন উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও সহজ অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

//ডিবিটেক/আইএইচ/এমইউএম//