চট্টগ্রামে ২০ জুন বিপিও সামিট ২০২৬

২০ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬’। বাক্কো, বিপিসি ও আইসিটি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে প্রধান অতিথি থাকবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

চট্টগ্রামে ২০ জুন বিপিও সামিট ২০২৬
১৭ জুন, ২০২৬ ১৯:২০  

আগামী ২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এই সামিটের আয়োজন করছে। “Where Talent Meets Global Opportunity” প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটের মূল লক্ষ্য চট্টগ্রামের ক্রমবর্ধমান তরুণ জনশক্তি ও ডিজিটাল খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত করা।

সামিটের পূর্বপ্রস্তুতি হিসেবে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম’, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞদের নিয়ে ‘পলিসি ডায়ালগ সেশন’, বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর অংশগ্রহণে ‘রাউন্ড টেবিল উইথ ফিউচার লিডার্স’ এবং তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে একটি ‘আইসিটি অলিম্পিয়াড’ আয়োজন করা হবে। মূল পর্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি “Skilled Youth: Driving Innovation and Growth” শীর্ষক একটি বিশেষ সেমিনার থাকবে। সেখানে ফ্রিল্যান্সারদের জন্য সরকারি-বেসরকারি সুবিধা ও পেশাগত স্বীকৃতির লক্ষ্যে ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম।

দেশের বিপিও ও আইটিইএস শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন ‘বাক্কো’ বর্তমানে ৫০০-এর বেশি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে।

//ডিবিটেক/কেএমএইচএফ/এসআই//