নগদ, টেলিটক ও বিটিসিএল
বিনিয়োগে আগ্রহী ভিওন, অধিগ্রহণ নাকচ বাংলালিংকের
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন বাংলাদেশে অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। টেলিটক, নগদ ও বিটিসিএলের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা থাকলেও অধিগ্রহণের খবরকে সঠিক নয় বলে জানিয়েছে বাংলালিংক। সরকারও টেলিটক বিক্রির পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে।
মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন (VEON) রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক, মোবাইল ফিনটেক প্রতিষ্ঠান নগদ এবং সরকারি টেলিকম অপারেটর বিটিসিএলের সঙ্গে সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব ও বিনিয়োগে আগ্রহ দেখালেও অধিগ্রহণ বা কেনার বিষয়ে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছে বাংলালিংক।
এ বিষয়ে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ডিজিবাংলাকে বলেছেন, ভিওন ও বাংলালিংক বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। গত ২১ বছরে প্রতিষ্ঠানটি দেশে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং অনুকূল নীতিগত পরিবেশ পেলে ভবিষ্যতেও উল্লেখযোগ্য বিনিয়োগ করতে আগ্রহী।
তার ভাষায়, “ভিওন এবং বাংলালিংক বিশ্বাস করে যে, এশিয়ার অন্যতম গতিশীল ডিজিটাল অর্থনীতি হয়ে ওঠার অসাধারণ সম্ভাবনা বাংলাদেশের রয়েছে এবং আমরা সেই সম্ভাবনা বাস্তবায়নের যাত্রায় অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। গত ২১ বছরে বাংলাদেশে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের ধারাবাহিকতায়, একটি অনুকূল ও পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশের সহায়তায় আমরা অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে আগ্রহী। একটি ডিজিটাল অপারেটর হিসেবে, আমরা সংযোগ, ডিজিটাল সেবা, সাশ্রয়ী ডিভাইস এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষির মতো খাতে উদ্ভাবনী সমাধানের প্রসার ঘটিয়ে মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করতে কাজ করছি। এর মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার হবে, নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ডিজিটাল রূপান্তর ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।”
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসেও জানিয়েছেন, এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। তবে কানেক্টিভিটি ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন খাতে কৌশলগত বিনিয়োগের সুযোগ বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, স্বল্পমেয়াদে অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার পরিকল্পনা রয়েছে।
রটনা আছে, ভিওন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে জাতীয় ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, উদ্ভাবন সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে টেলিটকের সঙ্গে সম্ভাব্য সমন্বয় এবং নগদে বিনিয়োগ বা অংশীদারিত্বের বিষয়ও আলোচনায় থাকার ইঙ্গিত রয়েছে। তবে প্রধানমন্ত্রীর অফিস বিষয়টি নিশ্চিত করে নি।
তবে নানা অনিয়মে ডাক বিভাগের অংশীদারিত্বের ফিনটেক কোম্পানি নগদ- প্রশাসকের মাধ্যমে পরিচালিত হলেও এ নিয়ে জুলাই অভ্যু্ত্থানের পর থেকেই বাইরে থাকা নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানিয়েছেন, ২০২৪ সালে ভিওনের সঙ্গে আলোচনা অনেক দূর এগোলেও তৎকালীন পরিস্থিতিতে তা বাস্তবায়িত হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে টেলিটক প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্পষ্ট করে বলেছেন, টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক করতে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলালিংকের প্রস্তাবনায় টেলিটকের সঙ্গে নেটওয়ার্ক, স্পেকট্রাম ও অবকাঠামো ব্যবহারে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বিটিসিএলের ফাইবার নেটওয়ার্ক এবং বাংলালিংকের মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্ম সমন্বয়ের মাধ্যমে সমন্বিত ডিজিটাল সেবা চালুর সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, টেলিযোগাযোগ ও ডিজিটাল আর্থিক সেবা খাতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ এলে দেশের ডিজিটাল অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিনির্ভর সেবার প্রসারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এ ধরনের যেকোনো বিনিয়োগ, অংশীদারিত্ব বা অধিগ্রহণ কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং সরকারি নীতিমালার আওতাতেই বাস্তবায়িত হবে।
//ডিবিটেক/ইকে/এমআই//





