জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় ভার্চুয়াল অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় ভার্চুয়াল অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ
৩ জুন, ২০২৬ ০৯:১৯  

জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে ব্যয় সাশ্রয় এবং প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। মাঠ পর্যায়ের কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ জুন, মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। 

নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারি কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।

এতে যাতায়াতজনিত জ্বালানি ব্যয় কমবে। একই সঙ্গে সময় সাশ্রয় এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়বে বলে মনে করছে সরকার।

নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ যথাসম্ভব অনলাইনে নিশ্চিত করতে হবে।

তবে বিশেষ প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে। অর্থাৎ সব কার্যক্রম বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়োজনের নির্দেশ দেওয়া হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, নতুন নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে ১২ এপ্রিল জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, তথ্যপ্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সরকারি ব্যয় কমানোর পাশাপাশি ডিজিটাল প্রশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

 /ডিবিটেক/ বিএমও/ ইকে/