কৃষি অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন পবিপ্রবির রত্না রানি
দেশের তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট কৃষির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এক অনন্য সাফল্য পেলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী রত্না রানি। বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪-এ ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৩৫৭ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন তিনি।
‘ইউথ ইন অ্যাকশন, স্মার্টার ফার্মিং ইন মোশন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার পথচলা শুরু হয়েছিল ৮ জানুয়ারি প্রাথমিক রাউন্ডের মধ্য দিয়ে। এরপর কেস সলভিং রাউন্ডের বৈতরণী পার হয়ে ১৫ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন রত্না।
এই গৌরবময় অর্জনের নেপথ্যে নিজের শিক্ষক ও বিভাগের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন রত্না রানি। পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরার সরাসরি তত্ত্বাবধান ও অনুপ্রেরণা তাকে এই প্রতিযোগিতায় জয়ী হতে দারুণভাবে সাহায্য করেছে বলে জানান এই কৃতী শিক্ষার্থী। রত্না মনে করেন, জাতীয় পর্যায়ের এসব প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের এক অসাধারণ ক্ষেত্র। প্রতিযোগিতায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি ভবিষ্যতে গ্রামীণ কৃষির পরিবেশগত সংকট সমাধানে সরাসরি অবদান রাখতে চান। উদ্ভাবনী প্রযুক্তির সঠিক ব্যবহার ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রত্নার এই সাফল্য কেবল পবিপ্রবির জন্যই নয়, বরং দেশের কৃষি খাতের ভবিষ্যতের জন্যও এক বড় অনুপ্রেরণা। আধুনিক ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে তরুণদের এমন উদ্যোক্তাই এখন সময়ের দাবি।
/ডিবিটেক/ সিএনএ/ ইকে/





