ওয়ালটন হাই-টেকের সঙ্গে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণ প্রস্তাব অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণ প্রস্তাব অনুমোদন
৪ জুন, ২০২৬ ১৮:৩৭  

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ (মার্জার) প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

ওয়ালটন হাই-টেকের ৩ জুন, বুধবার অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সভায় জানানো হয়, একীভূতকরণ কার্যকর হলে ওয়ালটন হাই-টেকের পণ্যের পরিধি আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাজার বিস্তার, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমানোর সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডাররাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটন হাই-টেক দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। অন্যদিকে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), ইলেকট্রিক বাইকসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে ব্যবসায়িক সক্ষমতা আরও বাড়বে।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, এই একীভূতকরণ শুধু দুটি প্রতিষ্ঠানের সমন্বয় নয়; বরং প্রযুক্তি, মানবসম্পদ, গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং বাজার সম্প্রসারণ কৌশলকে একীভূত করার একটি পদক্ষেপ। এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সম্পদের দক্ষ ব্যবহার এবং দীর্ঘমেয়াদে অধিক মূল্য সৃষ্টির সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য শুধু দেশের বাজারে নেতৃত্ব দেওয়া নয়, বরং ‘মেড ইন বাংলাদেশ’ প্রযুক্তিপণ্যকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।

সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা একীভূতকরণ উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী ব্যবসায়িক কৌশল হিসেবে অভিহিত করেন।

ইজিএমে জানানো হয়, একীভূতকরণের অংশ হিসেবে ওয়ালটন ডিজি-টেকের প্রতি ৩৮ দশমিক ৪৫টি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেকের ১টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। সে অনুযায়ী ডিজি-টেকের মোট ৩ কোটি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেক ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি নতুন শেয়ার ইস্যু করবে।

/ডিবিটেক/এমএসএম/ ইকে/