অ্যাডলফের রহস্যময় পোস্ট, নেটিজেনদের কৌতূহল

অ্যাডলফের রহস্যময় পোস্ট, নেটিজেনদের কৌতূহল
৪ জুন, ২০২৬ ১৫:৪৯  

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন- এমন একটি গুঞ্জন নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডলফ খানের রহস্যময় ফেসবুক পোস্টটি ৪ জুন, বৃহস্পতিবার বুবলি’র ফ্যানদের একটি পেজে শেয়ার হাওয়ার পর সকাল থেকে তা ছড়িয়ে পড়ে। পোস্টকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন ও নেটিজেনদের মধ্যে এই জল্পনা-কল্পনা তীব্র রূপ নেয়।

গত ১ জুন (সোমবার) বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ এই পোস্টের পরপরই অনেকে বুবলীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন এবং গুঞ্জন ওঠে যে সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে নতুন কন্যাসন্তান এসেছে। অবশ্য এরই মধ্যে কিছু সূত্র দাবি করেছে বুবলী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন, তবে কোনো দাবির পক্ষেই এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।

কয়েক মাস ধরেই বিনোদন পাড়ায় বুবলীর দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন উড়ছিল। বিশেষ করে চলতি বছরের দুই ঈদে বুবলীর সিনেমা মুক্তি পেলেও তাকে প্রচারণায় সশরীরে খুব একটা সক্রিয় দেখা যায়নি, যা এই সন্দেহকে আরও উসকে দেয়। এর আগে ২০২০ সালে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের সময়ও বুবলী দীর্ঘ সময় আড়ালে ছিলেন এবং পরবর্তীতে ২০২২ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। অতীতের সেই ঘটনার মিল থাকায় এবারও ভক্তদের মাঝে কৌতুহল তৈরি হয়েছে।

তবে এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী শবনম বুবলী কিংবা শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটি নিশ্চিত না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি কেবলই গুঞ্জন হিসেবে রয়ে গেছে। 

/ডিবিটেক/এসএম/ইকে/