জ্বালানী মূল্য পুণর্বিবেচনায় প্রভাবমুক্ত থাকবেন গণপরিবহন সহ ৬৫ শতাংশ গ্রাহক

জ্বালানী মূল্য পুণর্বিবেচনায় প্রভাবমুক্ত থাকবেন গণপরিবহন সহ ৬৫ শতাংশ গ্রাহক
৬ জুন, ২০২৬ ১১:২৫  

জ্বালানী মূল্য পুণর্বিবেচনার পরও গণপরিবহনে মূল্যবৃদ্ধিতে প্রভাব পড়বে না। একইসঙ্গে বিদ্যুতের নতুন মূল্য সমন্বয়ের পরও প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং  মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

৬ জুন, শনিবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানীর দাম বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান তারা। 

ব্রিফিং-এ তারা বিদ্যুৎ ও জ্বলানীর মূল্য বৃদ্ধির প্রেক্ষিত, পরিমাণ ও ধরণ তুলে ধরেন। পরে এবিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুলল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, গণপরিবহনে ডিজেল ব্যবহৃত হয়। আর প্রাইভেট পরিবহনে ব্যবহৃত হয় বর্ধিত মূল্যের অকটেন ও পেট্রোল। ফলে ব্যয় বৃদ্ধির প্রভাব গণপরিবহনে পড়বে না। পণ্য সরবরাহ ও নিত্যব্যবহার্য বাজার দরেও এর প্রভাব পড়বে না। সব মিলিয়ে নিম্নআয়ের মানুষের ওপর এই মূল্যবৃদ্ধির চাপ থাকবে না।                                                

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আগের সরকারগুলো আমদানি নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। যদি উৎপাদনমুখী নীতি গ্রহণ করা হতো, তাহলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরি হতো না।

অপরদিকে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না এবং নতুন মূল্য সমন্বয়ে গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না, বরং আগের দামই বহাল থাকবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান আর্থিক বাস্তবতা এবং ভর্তুকির চাপ বিবেচনায় কিছু পর্যায়ে মূল্য সমন্বয় করা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসন্ন বাজেটে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্য উপদেষ্টা বলেন, এই বিশাল ভর্তুকির বোঝা দীর্ঘ মেয়াদে কমিয়ে বিদ্যুৎ খাতকে টেকসই করার লক্ষ্যেই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার সচেতন রয়েছে।

//ডিবিটেক/ এসআই/ এমইউআইএম//