ক্যান্সার নির্ণয়ে রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের উদ্যোগ

ক্যান্সার নির্ণয়ে রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের উদ্যোগ
৬ জুন, ২০২৬ ১৭:০৩  

দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগ নির্ভুলভাবে নির্ণয়ের ব্যবস্থা শক্তিশালী করতে ৬ জুন,শনিবার রাজধানী ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) প্রধান কার্যালয়ের আলফা হলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সভা। “বেসরকারি ও সরকারি PET-CT কেন্দ্রসমূহে সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালসের চাহিদা নিরূপণ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ” শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন বাপশক চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম।

বর্তমান চিকিৎসা বিশ্বে ক্যান্সার, হৃদরোগ ও স্নায়ুবিক রোগের প্রাথমিক ও সঠিক শনাক্তকরণে PET-CT প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই প্রযুক্তির মূল উপাদান হলো সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালস, যা রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়িয়ে চিকিৎসকদের সঠিক চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে বড় সহায়তা দেয়। দেশে এই সেবার পরিধি দ্রুত বাড়তে থাকায় জীবনরক্ষাকারী এই উপাদানটির নিরবচ্ছিন্ন, সময়োপযোগী এবং মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এখন জাতীয় অগ্রাধিকার হিসেবে দাঁড়িয়েছে। এই সংকট ও চাহিদা মেটাতেই মূলত সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য এই বিশেষ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর চিকিৎসা চাহিদা পূরণে PET-CT সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে তিনি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান মতামত দেন বাপশকের সদস্য (পরিকল্পনা) মোঃ হাসিনুর রহমান এবং সদস্য (জীববিজ্ঞান) ড. মাহফুজা খান।

কৌশলগত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি PET-CT কেন্দ্রসমূহের প্রতিনিধি, নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, সাইক্লোট্রন প্রযুক্তিবিদ এবং রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

আমন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা, ইবনে সিনা ডায়াগনস্টিক, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মেডিনোভা মেডিকেল সার্ভিসেস এবং ইউনাইটেড হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত থেকে সরবরাহ ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গৃহীত সুপারিশমালা দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও সাশ্রয়ী করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সদস্য মোঃ হাসিনুর রহমান এবং ড. মাহফুজা খান।

//ডিবিটেক/ এমএএইচ/ ইকে//