বাজেট ২০২৬: 

গৃহস্থালি ইলেকট্রনিক্স, কম্পিউটার ও মোবাইল সেবায় স্বস্তির আভাস, বাড়তে পারে বিলাসী পণ্যের দাম

১১ জুন জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হবে। বাজেটে রান্নাঘরের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, কম্পিউটার, প্রিন্টার ও মোবাইল সেবায় কর-সুবিধা দিয়ে দাম কমানোর আভাস রয়েছে। বিপরীতে কাজুবাদাম, আমদানিকৃত হিমায়িত মাছ, বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য এবং নিকোটিনজাত পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকায় এসব পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে।

গৃহস্থালি ইলেকট্রনিক্স, কম্পিউটার ও মোবাইল সেবায় স্বস্তির আভাস, বাড়তে পারে বিলাসী পণ্যের দাম
৯ জুন, ২০২৬ ১৫:২৯  

আগামী ১১ জুন, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। বাজেট পাস হলে এটি হবে বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা হতে পারে। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে প্রায় ৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে।

গৃহিণীদের জন্য স্বস্তির বার্তা

আসন্ন বাজেটে বিভিন্ন গৃহস্থালি বৈদ্যুতিক ও রান্নাঘর সংশ্লিষ্ট পণ্যের ওপর কর ও শুল্ক কাঠামোয় পরিবর্তন আনার প্রস্তাব থাকায় এসব পণ্যের দাম কমতে পারে বলে জানা গেছে।

দাম কমতে পারে এমন পণ্যের মধ্যে রয়েছে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার হিটার বা গিজার।

কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসেও করছাড়ের সম্ভাবনা

ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে কম্পিউটার, মনিটর ও প্রিন্টারের ওপরও শুল্ক ও কর কমানোর প্রস্তাব থাকতে পারে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ১৫টি পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোবাইল গ্রাহকদের জন্য সুখবর

টেলিযোগাযোগ খাতে গ্রাহকদের স্বস্তি দিতে মোবাইল সেবার ওপর বর্তমানে আরোপিত ১ শতাংশ সারচার্জ প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি নতুন সিম ক্রয়ে বর্তমানে প্রচলিত ৩০০ টাকার সিম কর কমিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

অন্যদিকে দেশীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব আহরণ বাড়াতে কিছু পণ্যের ওপর কর ও শুল্ক বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী—

  • কাজুবাদাম আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে।

  • উচ্চমূল্যের আমদানিকৃত হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।

  • মাইল্ড স্টিল (এমএস) রডসহ সংশ্লিষ্ট নির্মাণসামগ্রীর উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

  • বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য এবং উচ্চমূল্যের আমদানিকৃত খাদ্যপণ্যের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা রয়েছে।

  • নতুন ১০টি পণ্যের আমদানিতে ২০ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে।

তামাক ও নিকোটিনজাত পণ্যে বাড়তি কর

জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে নিকোটিন পাউচের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হতে পারে। পাশাপাশি সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। ফলে এসব পণ্যের বাজারমূল্য বাড়তে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তাদের জন্য প্রয়োজনীয় পণ্যে কর-সুবিধা এবং বিলাসী ও ক্ষতিকর পণ্যে কর বৃদ্ধি—এই দুইমুখী কৌশলের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে রাজস্ব আহরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যও বাস্তবায়ন করতে চায় সরকার।

//ডিবিটেক/এফআই/এমইউআইএম//