আইওএস ২৭ বেটা ইনস্টল করার নিয়ম

আইওএস ২৭ বেটা ইনস্টল করার নিয়ম
১০ জুন, ২০২৬ ২০:৪০  

গত সোমবার অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ২০২৬ ইভেন্টে ঘোষিত বহু প্রতীক্ষিত আইওএস ২৭ অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তবে আপনি যদি শরতের অপেক্ষা না করে এখনই নতুন ‘সিরি এআই’ এবং পারফরম্যান্স বুস্টের অভিজ্ঞতা নিতে চান, তবে সুখবর রয়েছে। অ্যাপল ইতিমধ্যেই তাদের আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচের জন্য ‘ডেভেলপার বেটা’ সংস্করণ অবমুক্ত করেছে।

তবে মনে রাখবেন, বেটা সফটওয়্যারগুলো সাধারণত পরীক্ষামূলক অবস্থায় থাকে। তাই এতে নানাবিধ বাগ বা সফটওয়্যার ত্রুটি থাকতে পারে, যা আপনার ফোনের ব্যাটারি লাইফ কিংবা সাধারণ স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। তাই এই বেটা সংস্করণটি আপনার প্রধান আইফোনে ইনস্টল না করে কোনো সেকেন্ডারি বা অতিরিক্ত ডিভাইসে ইনস্টল করা বুদ্ধিমানের কাজ হবে। 

আর ইনস্টল করার আগে অবশ্যই আপনার ফোনের সব ডেটা ব্যাকআপ করে নেবেন। আপনি যদি এই ঝুঁকি নিতে না চান, তবে আগামী জুলাই বা আগস্ট মাসে অ্যাপলের তুলনামূলক নিরাপদ ‘পাবলিক বেটা’ প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে পারেন।

নিচে আইওএস ২৭ ডেভেলপার বেটা রেজিস্ট্রেশন এবং ইনস্টল করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরা হলো:
১. যেভাবে অ্যাপল ডেভেলপার হিসেবে অ্যাকাউন্ট খুলবেন
আইওএস ২৭ বেটা ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে অ্যাপলের ডেভেলপার পোর্টালে যুক্ত হতে হবে। এর জন্য কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

আপনার আইফোন বা আইপ্যাডের অ্যাপ স্টোর থেকে অফিশিয়াল অ্যাপল ডেভেলপার অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন। অ্যাপের ভেতরের Account ট্যাবে যান এবং আপনার টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।

পর্দায় অ্যাপল ডেভেলপার চুক্তিপত্র এলে তা ভালোভাবে পড়ে নিচে থাকা Enroll Now বাটনে ট্যাপ করুন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী কন্টিনিউ করুন।

আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স বা যেকোনো সরকারি আইডি কার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করুন। এরপর অ্যাকাউন্ট টাইপ হিসেবে ইন্ডিভিজ্যুয়াল সিলেক্ট করুন।

সবশেষে লাইসেন্স চুক্তিতে সম্মতি জানিয়ে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করুন। (মনে রাখবেন, যদি স্ক্রিনে ৯৯ ডলার ফি পরিশোধের কোনো পেজ আসে, তবে বুঝবেন আপনার বেটা অ্যাক্সেসের প্রয়োজনীয় ফ্রি ধাপগুলো ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়ে গেছে, তাই টাকা দেওয়ার প্রয়োজন নেই)।


আইওএস ২৭ বেটা ইনস্টল করার নিয়ম
ডেভেলপার হিসেবে অ্যাকাউন্ট খোলার পর আপনার আইফোনটি একবার রিস্টার্ট (বন্ধ করে চালু) করে নিন। এরপর নিচের নিয়মে ওএস আপডেট করুন:

১. প্রথমে আপনার আইফোনের Settings-এ যান।
২. সেখান থেকে General > Software Update অপশনে প্রবেশ করুন।
৩. এখানে একটি নতুন Beta Updates অপশন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করে iOS 27 Developer Beta সিলেক্ট করুন।
৪. ব্যস, এবার মূল পাতায় ফিরে এসে Download and Install-এ ট্যাপ করলেই আপনার ফোনে আইওএস ২৭ ডাউনলোড হতে শুরু করবে।

এই বছর নতুন ‘সিরি এআই’ চ্যাটবট ব্যবহারের জন্য ওএস আপগ্রেড করার পর আপনাকে অ্যাপের ভেতরে একটি ওয়েটলিস্ট বা অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হবে। সিরি এআই-এর ট্রায়াল রোলআউট শুরু হলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট